![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন। পথে কোটবাজালিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে অতর্কিত আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে, হেলাল উদ্দিনের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

0 Comments