নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭)।
![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে তিনি মারা যান বলে জানা গেছে।
আব্দুল্লাহ আল মামুন খোকন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবার নাম মরহুম বাবর আলী।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারকাজের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাঁর মৃত্যুতে দল ও পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।
এ ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন ছিলেন দলের নিবেদিত প্রাণ। গতকালও (রবিবার) সকাল থেকে তিনি আমার সঙ্গে থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তাঁর রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। এতে সবার অশ্রুসজল চোখে এক বেদনাবিধুর পরিস্থিতির সৃষ্টি হয়।

0 Comments