![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–১৯ আসনের সার্বিক নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল। এ লক্ষ্যে ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা–১৯ আসনের একটি নির্ধারিত স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রার্থী দিলশানা পারুল বর্তমান নির্বাচনী পরিবেশ, প্রচারণার সার্বিক অবস্থা, ভোটারদের মনোভাব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জসমূহ পর্যবেক্ষক দলের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, ঢাকা–১৯ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।”
দিলশানা পারুল নির্বাচনী মাঠে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পর্যবেক্ষকরা জানান, মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সার্বিক চিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সক্রিয় উপস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোটারদের আস্থা আরও সুদৃঢ় করবে।

0 Comments