গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ী নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সন্ধ্যায় বোর্ডবাজার ও সাইনবোর্ড এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখা।
![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
সন্ধ্যায় সাইনবোর্ড বাজার বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বোর্ডবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে শিবিরের প্রায় শত-শত নেতাকর্মী অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবি করে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। 'আমার বোন মরল কেন, খুনি তারেক জবাব চাই', 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার'সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর জিএস মো. সাইদুল ইসলাম এবং গাজীপুর জেলা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত।
সমাবেশে গাজীপুর জেলা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, "গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রদল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের কাপুরুষতার প্রমাণ দিচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সদা সজাগ আছি।"
মহানগর সভাপতি রেজাউল করিম তার বক্তব্যে বলেন, "মানুষের সমাজে বিএনপি ও ছাত্রদলের মতো অমানুষদের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। অবিলম্বে এই খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
টাকসুর জিএস মো. সাইদুল ইসলাম বলেন, "নতুন বাংলাদেশে কোনো দিল্লির তাবেদারি বা পরিবারতন্ত্র মেনে নেওয়া হবে না। এ দেশ সাধারণ মানুষের, কোনো বিশেষ গোষ্ঠীর পেশিশক্তি প্রদর্শনের জায়গা নয়।"
রাত ৭টায় সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

0 Comments